logo

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত শতাধিক

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত শতাধিক
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে কুকুরের কামড়ে আহত রোগীদের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

হবিগঞ্জ সদর উপজেলার বহুলা, রিচিসহ আশপাশের কয়েকটি এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে আহতদের মধ্যে অন্তত ৭০ জন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে একটি পাগলা কুকুর বহুলা ও রিচিসহ আশপাশের এলাকায় ঘুরে ঘুরে মানুষকে কামড়াতে থাকে। এতে শিশু ও নারীসহ বিভিন্ন বয়সি অনেকে আহত হন।

হাসপাতালে আসা এক শিশুর অভিভাবক জানান, সকালে তিনি তার ৬ বছরের ছেলে উবায়দুলকে স্কুলে পাঠান। পথিমধ্যে জানতে পারেন, তার ছেলেকে কুকুরে কামড়েছে। খবর পেয়েই তিনি দ্রুত ছেলেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. রাজিব ভট্টাচার্য্য বলেন, বুধবার সকাল থেকে কুকুরের কামড়ে আহত অন্তত ৭০ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৪০ জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর।

এদিকে কুকুরের কামড়ে আহতদের দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি ক্ষতস্থানের যথাযথ পরিচর্যার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. সাফায়াতুল ইসলাম মন্ডল বলেন, কুকুরে কামড়ালে ক্ষতস্থানটি দ্রুত সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুতে হবে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা নিতে হবে। এতে জলাতঙ্কের ঝুঁকি বহুলাংশে কমানো সম্ভব।