শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পল্লী চিকিৎসক গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (২৯) নামের এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গত মঙ্গলবার রাতে উপজেলার বাড়ৈগাঁও গ্রাম থেকে জয়নালকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। জয়নাল আবেদীন ওই এলাকার একটি ফার্মেসির মালিক।
এ ঘটনায় বুধবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই শিশুটি তার দুই সহপাঠীর সঙ্গে স্থানীয় একটি দোকানে চকলেট কিনতে যায়। ফেরার পথে জয়নাল আবেদীন তাদের ডেকে নিজের ফার্মেসির ভেতর নিয়ে যান। সেখানে তিনি শিশুদের হাতে কলম উপহার দেন এবং একপর্যায়ে ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। বাড়ি ফিরে শিশুরা বিষয়টি পরিবারকে জানালে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে রাতে স্থানীয় লোকজন জয়নালকে জিজ্ঞাসাবাদ শেষে আটকে রেখে পুলিশে খবর দেয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শিশুর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর পরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
