মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকার পথে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’

দীর্ঘ ৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাবনা থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। উদ্বোধনী যাত্রায় রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ সহস্রাধিক যাত্রী ট্রেনটিতে করে ঢাকার উদ্দেশে রওনা হন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলস্টেশনে ফিতা কেটে ট্রেনটির উদ্বোধন করেন অতিথিরা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি।
পাবনা রেলস্টেশনের মাস্টার জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্বোধনী যাত্রায় টিকিটধারী ও বিনা টিকিটে এক হাজারের বেশি যাত্রী ট্রেনে উঠেছেন। এর মধ্যে পাবনা স্টেশন থেকে ৫৩২ জন এবং ঈশ্বরদী স্টেশন থেকে ৯২ জনসহ মোট ৬২৪ জন টিকিটধারী যাত্রী রয়েছেন। এ ছাড়া বিনা টিকিটে আরও পাঁচ শতাধিক যাত্রী ট্রেনে ওঠেন।
পাবনা থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করে। সেখানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। পরে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রভাতী এক্সপ্রেস।
এদিকে দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন পাবনাবাসী। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে স্টেশন এলাকায় জড়ো হন হাজারো মানুষ। অনুষ্ঠান উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় পাবনা রেলওয়ে স্টেশন। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে যায় শহরের বিভিন্ন সড়ক। কয়েক দিন ধরেই জেলাজুড়ে বিরাজ করছিল উৎসবের আমেজ।
উদ্বোধনী যাত্রার যাত্রী আকবর আলী বলেন, যেদিন থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে, সেদিনই পরিবারের জন্য পাঁচটি টিকিট কেটেছি। পুরো পরিবার নিয়ে নতুন ট্রেনে ঢাকায় যাচ্ছি। অনুভূতি বলে বোঝানো যাবে না।
বিশ্ববিদ্যালয়ছাত্রী অনিকা ইয়াসমিন বলেন, ক্যাম্পাস থেকে ছুটি নিয়ে কয়েক দিন আগে পাবনার বাড়িতে এসেছিলাম। গতকালই ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু নতুন ট্রেন উদ্বোধনের অপেক্ষায় আজ যাচ্ছি। খুব ভালো লাগছে।
আরেক যাত্রী কারিবুল হাসান বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পাবনা থেকে ট্রেনে উঠে সরাসরি ঢাকায় যাওয়ার। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।
মোহাইমিন হোসেন নামের আরেক যাত্রী বলেন, কয়েকজন বন্ধু মিলে নতুন ট্রেনে ঢাকায় যাচ্ছি। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আগামীকাল আবার পাবনা গোধূলি এক্সপ্রেসে পাবনায় ফিরব। সব মিলিয়ে অন্য রকম অনুভূতি বিরাজ করছে আমাদের মাঝে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পাবনার কৃতী সন্তান ফাহিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মান বৃদ্ধি ও রেল যোগাযোগের প্রসারে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। রেল যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনতে সরকার কাজ করছে। গুরুত্বপূর্ণ রেললাইন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ নতুন করে বিন্যস্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে নতুন ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
রেলমন্ত্রী আরও বলেন, এটাই জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন। ভোটের মাধ্যমে আপনারা আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রাখব। বিএনপির ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফ প্রমুখ।
উদ্বোধনী দিনে বিশেষ ব্যবস্থায় বিকেলে পাবনা থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে গেলেও আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। নতুন সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অন্যদিকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশ্যে যাত্রা করবে।





