logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নেচে-গেয়ে খাসিয়াদের বর্ষবিদায় ‘খাসি সেঙ কুটস্নেম’ উদযাপন

নেচে-গেয়ে খাসিয়াদের বর্ষবিদায় ‘খাসি সেঙ কুটস্নেম’ উদযাপন
উৎসবে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাকে নাচ করছেন তরুণীরা। ছবি: এশিয়া পোস্ট

রঙিন ঐতিহ্যবাহী পোশাক, বাঁশ-সুপারি পাতার প্রাকৃতিক মঞ্চ আর লোকজ খেলাধুলার আমেজে মৌলভীবাজারের কমলগঞ্জে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেঙ কুটস্নেম’ উদযাপিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি মাঠে খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম নতুন বর্ষকে বরণ করে নেওয়ার এ উৎসবের আয়োজন করা হয়।

Advertisement

দুপুর ১২টায় উৎসবের শুরু হলেও মূল পর্ব শুরু হয় বেলা ২টায়। মাগুরছড়া পুঞ্জি মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটির ওপর প্রাকৃতিক পরিবেশে নারিকেল গাছের পাতার ছাউনি দিয়ে মঞ্চ তৈরি করা হয়। মঞ্চে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন সুচিয়াঙের সভাপতিত্বে অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বন্দীপ তালুকদার, কমলগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।

আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী এ বর্ষবিদায় উৎসবে দেশব্যাপী ছড়িয়ে থাকা খাসিয়ারা একত্রে মিলিত হন। এ দিন নিজস্ব সংস্কৃতির বর্ণিল সাজে সেজে ওঠেন খাসিয়া সম্প্রদায়ের ছেলে-মেয়েরা। মূলত এ উৎসবের মাধ্যমে তাদের বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও খেলাধুলাকে তুলে ধরা হয়। উৎসবের মূল আকর্ষণ ঐতিহ্যবাহী পোশাক পরে মেয়েদের নাচ-গান, পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার, তীর-ধনুক খেলা ও গুলতি চালানো ইত্যাদি।

খাসি সোশ্যাল কাউন্সিলের নেতা ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন সুচিয়াঙ এশিয়া পোস্টকে বলেন, ‘খাসি সেঙ কুটস্নেম হচ্ছে খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসি জনগোষ্ঠীর লোকজন এই অনুষ্ঠান করলেও বাংলাদেশে আমরা ২০১১ সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করছি। ব্রিটিশ আগ্রাসনে যখন ভাষা-সংস্কৃতি হুমকির মধ্যে পড়েছিল, তখন কিছু খাসি তরুণ মিলে এই উদ্যোগ নিয়ে সেঙ খাসি নামে একটি সংগঠন করেছিল। সেই থেকে আমরা পালন করছি।’