logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা: গ্রেপ্তার নেই, মামলাও হয়নি

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা: গ্রেপ্তার নেই, মামলাও হয়নি
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গের সামনে নিহত কনস্টেবল আনোয়ার মোল্লার স্বজনদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লার হাসেমবাগ এলাকায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর পর্যন্ত এ বিষয়ে কোনো মামলাও দায়ের হয়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

Advertisement

এদিকে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতির সময় হাসপাতালের মর্গে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনেরা।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ফতুল্লার হাসেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার মোল্লা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সাত্তার। এ সময় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের সদস্যরা তাদের চিনে ফেলেন। একপর্যায়ে ওই চক্রের সদস্যরা কনস্টেবল আনোয়ারকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এ সময় সঙ্গে থাকা এএসআই আবদুস সাত্তার হামলাকারীদের কবল থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান।

সোমবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে আনোয়ার মোল্লার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ দেখতে গিয়ে শোকে ভেঙে পড়েন স্বজনেরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তারা।

নিহত আনোয়ারের বড় ভাই শাহাবুদ্দিন বলেন, আনোয়ার সবার খুব আদরের ছিল। তার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। তার স্ত্রী ও দুটি শিশুসন্তান রয়েছে। এখন তাদের কী হবে, কীভাবে চলবে তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।

সরকারের কাছে আমাদের দাবি, আমার ভাইয়ের সন্তান দুটির ভরণপোষণের যেন ব্যবস্থা করা হয়। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

এদিকে হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এসব ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।