logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে হত্যা, দৌড়ে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে হত্যা, দৌড়ে বাঁচলেন এএসআই
ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লাকে ধাওয়া করে একদল দুর্বৃত্ত। একপর্যায়ে আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ার মোল্লাকে ধরে ফেলে দুর্বৃত্তরা। পরে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রোববার রাতে ১০ থেকে ১২ জন যুবককে ধারালো অস্ত্র হাতে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে তারা এক ব্যক্তির ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খোঁজ নিয়ে জানা যায়, হামলার শিকার ব্যক্তি পুলিশের সদস্য।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে কাশিপুরের হাসেমবাগ এলাকা মাদক কারবার, সন্ত্রাস ও চাঁদাবাজির জন্য পরিচিত। এর আগেও ওই এলাকায় মাদক কারবারি ও চাঁদাবাজদের ধরতে গিয়ে ফতুল্লা থানা-পুলিশের একটি দল হামলার শিকার হয়েছিল।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে বলেন, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে দেওভোগ হাসেমবাগ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ধাওয়া করে। এ সময় আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ার মোল্লার বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।