ডিএমপির অক্টোবরের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অক্টোবর মাসের অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। আর থানাগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরাগ থানা এবং তৃতীয় হয়েছে কামরাঙ্গীরচর থানা।
রোববার (২২ নভেম্বর) ডিএমপি সদরদপ্তরে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও ইউনিটকে পুরস্কৃত করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সভায় সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন। দ্বিতীয় হয়েছেন শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এহসানুল হক।
উপপরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় হয়েছেন সায়দাবাদ পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিব হোসেন এবং তৃতীয় হয়েছেন সবুজবাগ থানার এসআই মো. জহুরুল ইসলাম।
সহকারী উপপরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. নাদের আলী। দ্বিতীয় হয়েছেন মিরপুর থানার এএসআই এসএম সানোয়ার হোসেন এবং তৃতীয় হয়েছেন হাজারীবাগ থানার এএসআই গোলাম রব্বানী।
গোয়েন্দা পুলিশের (ডিবি) বিভাগগুলোর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুল করিম।
ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ট্রাফিক-গুলশান বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের সার্জেন্ট নয়ন কারন। দ্বিতীয় হয়েছেন পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আশিকুর রহমান।
রোববার ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের নাম তুলে ধরেন।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম, আবদুল কুদ্দুস চৌধুরী ও মোহাম্মদ ওসমান গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন বিভাগের উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সভায় অংশ নেন।







