logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতি করার সুযোগ নেই: রিজভী

জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতি করার সুযোগ নেই: রিজভী
বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: এশিয়া পোস্ট

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের জনগণ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে রয়েছে। যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর আর কে মিশন রোডে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

দেশজুড়ে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

বক্তব্যে বিগত ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ওই সময়ে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন উল্লেখ করে রিজভী বলেন, দেশের বাইরে থেকে অডিও বার্তার মাধ্যমে আবারও সহিংসতা ও নাশকতায় উসকানি দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলে প্রাণহানি, গ্রামীণ ব্যাংকের শাখায় ৮০টি শাখায় অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতার বাসায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটানো হয়েছে।

বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা ককটেল নিক্ষেপ ও নাশকতা চালাতে অর্থের জোগান দিচ্ছেন দাবি করে তিনি বলেন, ব্যাংকিং খাত ও বড় বড় মেগা প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থ এসব কাজে ব্যবহার করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর তারেক রহমান চাইলে নিষ্ঠুরভাবে সহিংসতাকারীদের দমন করতে পারতেন কিন্তু তিনি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করেন বলে হাসিনার মতো কোনো দমন-পীড়ন করেনি মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার ও বিএনপি প্রতিশোধপরায়ণ আচরণ না করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। তবে নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাস্তায় সতর্ক ও পাহারায় থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ বাপ্পা সিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার সেতু, শহিদুল ইসলাম সোহেল, রফিকুল ইসলাম রফিক, মানবাধিকার সম্পাদক মোক্তাদির হোসেন তরু, প্রশিক্ষণ সম্পাদক এম আর গনি মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান খলিল, সহশিল্প সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া সাগর, সহতথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান নাহিদ, কার্যনির্বাহী সদস্য আবদুল আলিম মিঠঠসহ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।