পালিয়ে যাওয়ার পর তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেমন কেউ কেড়ে নিতে পারবে না, তেমনি এই হত্যাকাণ্ডের বিচারের অধিকারও কেউ কেড়ে নিতে পারবে না।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইলের কালিয়ার চাঁদপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো স্ত্রী স্বামীহারা হবেন না কিংবা কোনো বোন ভাইহারা হবেন না।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও ফাইয়াজের মতো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েও তারা থামেনি। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার পরও সেখান থেকে দেশের অভ্যন্তরে থাকা অনুচরদের মাধ্যমে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।
নিহত কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীনুর রহমানের প্রসঙ্গ তুলে আবেগঘন কণ্ঠে রিজভী বলেন, এই লাশ আমরা কোথায় রাখব? তাদের মায়ের কাছে কী জবাব দেব? তাদের স্ত্রীর কাছে কী জবাব দেব?
নিহত দুই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারা গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে অংশ নিয়েছেন। তাদের মর্যাদা শহীদের মর্যাদা। এ সময় তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রিজভী আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অধিকার যেমন কেউ কেড়ে নিতে পারবে না, তেমনি এই হত্যাকাণ্ডের বিচার করার অধিকারও কেউ কেড়ে নিতে পারবে না। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




