আ.লীগের হামলায় নিহত দুই বিএনপি নেতার দাফন সম্পন্ন

নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত দুই বিএনপি নেতার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া মডেল মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে নিহত দুজনকে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লাসহ ১০ থেকে ১৫ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শাহিনুর ও সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪০) এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)। এই হত্যাকাণ্ডের পর নড়াইলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের বিপ্লব বিশ্বাস, জামাল বিশ্বাস, দুলু বিশ্বাস ও মনির মণ্ডলের বাড়ি এবং সঞ্জয় সাহার দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




