logo
Advertisement

হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ১০

এশিয়া পোস্ট নিউজ,হবিগঞ্জ
হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ১০
দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জ সদর উপজেলায় মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নোয়াগাঁও গ্রামের শিমুল আহমেদ ও রাজনগর গ্রামের মারুফ আহমেদ আনোয়ারপুর এলাকায় গেলে মাদক বিক্রির অভিযোগে তাদের আটক করেন আনোয়ারপুর গ্রামের মজিবুর রহমান। এ সময় তাদের মারধর করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমুল ও মারুফকে উদ্ধার করে।

এ ঘটনার জের ধরে আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে ফজল মিয়া (২৫), আলমগীর (৩৬), মো. সত্তর মিয়া (৬২), জয়নুদ্দিন (৩৮), জিকির মিয়া (৪১), মফিল মিয়া (৫০), সজল হক (৪৮), শিপন (১৯) ও সজল মিয়াসহ (৩৫) অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, দুই গ্রামবাসীর মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয় :