logo

চিনিকল নাকি অর্থনৈতিক অঞ্চল–জগতি নিয়ে আমির হামজার দুই বক্তব্যে বিতর্ক

চিনিকল নাকি অর্থনৈতিক অঞ্চল–জগতি নিয়ে আমির হামজার দুই বক্তব্যে বিতর্ক
মুফতি মো. আমির হামজা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কুষ্টিয়া চিনিকল নিয়ে জাতীয় সংসদ ও স্থানীয় সমাবেশে দুই ধরনের বক্তব্য দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সংসদে তিনি বন্ধ চিনিকলের জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি জানিয়েছেন। অন্যদিকে চিনিকল চালুর দাবিতে আয়োজিত সমাবেশে গিয়ে বলেছেন, মিলটি চালু করতে হবে।

তার এই দুই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, ঐতিহাসিক জগতি চিনিকলের ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা কী?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দুটির একটিতে দেখা যায়, গত ২৬ এপ্রিল জাতীয় সংসদে আমির হামজা জগতি চিনিকলের এলাকায় অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানাচ্ছেন। ১ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওটি সম্প্রতি আলোচনায় আসে।

অন্যদিকে গত ১০ অক্টোবর বিকেলে কুষ্টিয়ার ঐতিহাসিক জগতি চিনিকল ফটকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি। তার ওই বক্তব্যের ১০ মিনিট ৩৭ সেকেন্ডের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে চিনিকল চালুর পক্ষে কথা বলতে শোনা যায়।

একই স্থাপনা নিয়ে দুই বক্তব্য সামনে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের কেউ কেউ জানতে চাইছেন, চিনিকলটি পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে, নাকি সেখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। দুটি উদ্যোগের মধ্যে সমন্বয়ের কোনো পরিকল্পনা থাকলে সেটিও স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন তারা।

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি : ভিডিও থেকে নেওয়া
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি : ভিডিও থেকে নেওয়া

সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি মুজিবুল শেখ বলেন, সুগার মিল নিয়ে সংসদে দাঁড়িয়ে এমপি এক ধরনের বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এটিকে অর্থনৈতিক অঞ্চল করা হোক। আবার কুষ্টিয়ায় সরেজমিনে সুগার মিলের কাছে এসে তিনি বলছেন, সুগার মিল চালু করা হোক। আসলে তিনি কী বলতে চাচ্ছেন, কী করতে চাচ্ছেন, তা কুষ্টিয়ার মানুষ পরিষ্কারভাবে বুঝতে চায়।

তিনি আরও বলেন, সেখানে আসলে কী হবে এবং কুষ্টিয়াবাসীর প্রাপ্য কী, সেটি স্পষ্ট হওয়া দরকার। মিল চালু হবে, নাকি অর্থনৈতিক অঞ্চল হবে, তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে।

জগতি চিনিকল শুধু একটি শিল্পপ্রতিষ্ঠান নয়, কুষ্টিয়ার ইতিহাস, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর দাবি জানিয়ে আসছেন স্থানীয় আখচাষি, শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানের জমি কীভাবে কাজে লাগানো হবে, তা নিয়েও উন্নয়ন পরিকল্পনার প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে সংসদে অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি এবং সমাবেশে চিনিকল চালুর পক্ষে দেওয়া বক্তব্যের মধ্যে কীভাবে সমন্বয় হবে, তা নিয়ে সংসদ সদস্যের সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহলের প্রতিনিধিরা।

তাদের মতে, অর্থনৈতিক অঞ্চল গঠনের পরিকল্পনা থাকলে সেখানে চিনিকলের ভবিষ্যৎ কী হবে, আর চিনিকল চালুর উদ্যোগ নেওয়া হলে অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবির সঙ্গে তার সম্পর্ক কী, তা পরিষ্কার হওয়া জরুরি।

ভিডিও দুটি ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে স্থানীয়দের প্রত্যাশা, জগতি চিনিকলের ভবিষ্যৎ নিয়ে আমির হামজা তার অবস্থান স্পষ্ট করবেন। একই সঙ্গে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও তারা জানতে চান, ঐতিহাসিক এই শিল্পপ্রতিষ্ঠানকে ঘিরে শেষ পর্যন্ত কী পরিকল্পনা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়া চিনিকল চালুর দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: ভিডিও থেকে নেওয়া
কুষ্টিয়া চিনিকল চালুর দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্থানীয় বাসিন্দা সেলিম হাসান বলেন, জগতি চিনিকল নিয়ে সংসদ সদস্য আমির হামজার দুই ধরনের বক্তব্যে আমরা বিভ্রান্ত। সংসদে তিনি চিনিকলের জায়গায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি জানিয়েছেন, আবার চিনিকল চালুর দাবিতে আয়োজিত সমাবেশে এসে মিল চালুর পক্ষে কথা বলেছেন। আমরা চাই, তিনি তার অবস্থান পরিষ্কার করুন।

সেলিম হাসান আরও বলেন, চিনিকল চালু হলে এলাকার আখচাষি, শ্রমিক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। আর অর্থনৈতিক অঞ্চল হলে সেখানে কী ধরনের কর্মসংস্থান সৃষ্টি হবে, সেটিও জানা প্রয়োজন। তাই জগতি চিনিকল নিয়ে তার সুনির্দিষ্ট পরিকল্পনা কী, তা কুষ্টিয়াবাসীর সামনে স্পষ্ট করা উচিত।

স্থানীয় আরেক বাসিন্দা আশরাফুল ইসলাম অনিক বলেন, জগতি চিনিকল নিয়ে সংসদ সদস্য আমির হামজার বক্তব্যে আমরা স্পষ্টতা চাই। সংসদে তিনি অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন, আবার চিনিকল চালুর দাবিতে আয়োজিত সমাবেশে এসে মিল চালুর পক্ষে কথা বলেছেন। আমরা জানতে চাই, তিনি আসলে কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান।

তিনি আরও বলেন, চিনিকল চালু হলে স্থানীয় আখচাষি, শ্রমিক ও ব্যবসায়ীরা উপকৃত হবেন।

সচেতন মহলের প্রতিনিধিরা বলছেন, জগতি চিনিকল নিয়ে তারা শুধু বক্তব্য নয়, বাস্তবসম্মত সিদ্ধান্ত দেখতে চান। তাদের মতে, চিনিকল চালু করা হলে কীভাবে উৎপাদন শুরু হবে, আর অর্থনৈতিক অঞ্চল গঠন করা হলে কী ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, তার একটি সুস্পষ্ট রূপরেখা থাকা দরকার। দীর্ঘদিন ধরে পড়ে থাকা চিনিকলের জমি ও অবকাঠামো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থানীয় মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে আমির হামজার দুই বক্তব্যের মধ্যে সমন্বয় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন তারা।

কুষ্টিয়া সুগার মিলস্ লি.। ছবি: এশিয়া পোস্ট
কুষ্টিয়া সুগার মিলস্ লি.। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সুগার মিল নিয়ে এমপি আমির হামজা একেক সময় একেক কথা বলছেন। তিনি আসলে এখানে ইপিজেড করতে চান, নাকি মিল চালু করতে চান, তা আমার কাছে স্পষ্ট নয়। এসব বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না।

তিনি আরও বলেন, অতি দ্রুত সুগার মিল চালু করা উচিত। এ জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছি। খুব দ্রুত চালু হবে, ইনশা আল্লাহ।

যা বলছেন আমির হামজা

এ বিষয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, আমি অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি কেন জানিয়েছি, সেটি অনেকে শুনতে চান না, কিংবা না শোনার ভান করেন। আমি প্রথমেই বলেছি, মোহিনী মিলের ৯৯ বিঘা জমি ফেলে না রেখে সেখানে গার্মেন্টস কারখানাসহ অন্য কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হলে ৮ থেকে ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, সংসদে একদিন সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। তখন মন্ত্রী জানিয়েছিলেন, গ্যাস, তেলসহ বিভিন্ন সংকটের কারণে আপাতত চিনিকলগুলো চালু করার মতো সক্ষমতা সরকারের নেই।

আমির হামজা বলেন, এই কারণে আমি জগতি চিনিকলের প্রায় ৭২০ বিঘা জমি বছরের পর বছর ফেলে না রেখে সেখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাবও সংসদে তুলেছিলাম।

তিনি আরও বলেন, সুগার মিল চালু করতে হবে, এটাই ফাইনাল। যদি চালু নাই করতে পারো, তাহলে ৮-১০ হাজার মানুষ কিছু করে খেতে পারে, সরকারের সেই ব্যবস্থা করে দিতে হবে। তা না হলে জমি আমরা ফেলে রাখব কোন কারণে।

১৯৬১ সালে কুষ্টিয়া চিনিকলের নির্মাণকাজ শুরু হয়। ১৯৬৬-৬৭ মাড়াই মৌসুমে বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরু করে কারখানাটি। স্বাধীনতার পর ১৯৭২ সালে চিনিকলটি রাষ্ট্রীয়করণ করে সরকার।

কুষ্টিয়া শহর থেকে আট কিলোমিটার দূরে জগতি এলাকায় ২১৬ একর জমির ওপর গড়ে তোলা হয় চিনিকলটি। এর মধ্যে ২২ একর জমিতে রয়েছে কারখানা। এ ছাড়া একতলা প্রশাসনিক ভবন, বিদ্যালয়, প্রশিক্ষণ কমপ্লেক্স ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসন রয়েছে।