logo

‘গুপ্তধন’ ভেবে বাসায় নিয়ে গেলেন মর্টারশেল

‘গুপ্তধন’ ভেবে বাসায় নিয়ে গেলেন মর্টারশেল
ছবি: এশিয়া পোস্ট

পঞ্চগড়ের সদর উপজেলায় রাস্তার পাশ থেকে একটি মরিচাধরা মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) রাতে উপজেলার সাতমেড়া ইউনিয়নের ঝিটকিকুড়া এলাকা থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ঝিটকিকুড়া এলাকার আনোয়ার হোসেন (২৮), ফেরদৌস (২৪), মোমিনুল ইসলামসহ (৩০) কয়েকজন শ্রমিক সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া ব্রিজসংলগ্ন চিলকা নদীতে বালু ও পাথর উত্তোলনের সময় মর্টারশেলটি পায়। পরে তারা ‘গুপ্তধন’ মনে করে সেটি বাড়িতে নিয়ে যায়। পরে যুদ্ধে ব্যবহৃত অস্ত্র জানতে পেরে মর্টারশেলটি ঝিটকিখুড়া এলাকার রাস্তার পাশে ফেলে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরে মধ্যরাতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার রায় পুলিশ ফোর্স নিয়ে মর্টারশেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের চিলকা নদী থেকে পাথর ও বালু উত্তোলনের সময় উদ্ধারকৃত মর্টারশেল গুপ্তধন মনে করে বাসায় নিয়ে যান। পরে মর্টারশেল বুঝতে পেরে রাস্তার পাশে ফেলে রাখেন। স্থানীয় সূত্রে খবর পেয়ে মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মর্টারশেলটি অনেক পুরোনো হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করছি, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হওয়া একটি অস্ত্র।