Advertisement

জামিনে মুক্ত ছাত্রলীগ নেতার নেতৃত্বে শোক র‍্যালি

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
জামিনে মুক্ত ছাত্রলীগ নেতার নেতৃত্বে শোক র‍্যালি
হাটহাজারীতে ঝটিকা শোক র‍্যালি করেছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগ। ছবি : সংগৃহীত

১৫ আগস্ট উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা শোক র‍্যালি করেছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগ। খবর পেয়ে অভিযান চালিয়ে একাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (১৫ আগস্ট) ভোর আনুমানিক ছয়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকা থেকে মিছিলটি বের হয়। পরবর্তীকালে মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করে শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে চবি ২ নম্বর গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য ঝটিকা মিছিলের চেষ্টা করে। সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তবে সুনির্দিষ্ট তদন্ত ও অভিযানের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটকের সঠিক সংখ্যা জানায়নি পুলিশ।

এর আগে, গত বছরের ১৩ নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসান। পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন।