logo

অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে স্বাস্থ্যসচিব আ ন ম বজলুর রশীদ। ছবি: এশিয়া পোস্ট

অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন মন্ত্রী। মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায়ও অংশ নেন তিনি। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এদিকে নিজের অসুস্থতার কথা জানিয়ে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।

এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মো. মিজানুর রহমান মিনু। ভূমিমন্ত্রীর হাসপাতালে ভর্তির খবর পেয়ে তাকে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ ন ম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা। এ ছাড়া রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।