জুলাই অভ্যুত্থান দিবসে মাগুরায় বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মাগুরায় জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হচ্ছে। দিবসটিতে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় শহরের ঢাকা রোডে নবগঙ্গা সেতু সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করেন। সেখানে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সকাল সাড়ে ৯টায় শহরের নোমানী জেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের যোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফুলের শ্রদ্ধা জানানো শেষে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই না, যেখানে বৈষম্য ও অন্যায় মানুষের অধিকারকে গ্রাস করবে না। আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কখনও বৈষম্যের বিরুদ্ধে কাউকে রাজপথে নেমে আন্দোলন করতে হবে না।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা। যেখানে ঘুষ, দুর্নীতি ও অন্যায়ের কোনো স্থান থাকবে না।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দোয়া মাহফিলে জুলাই আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
.png)

