আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের চার সদস্য। আসামির স্বজনদের সঙ্গে ধস্তাধস্তিতে এক উপপরিদর্শকসহ (এসআই) তারা আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত আসামি ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। এর আগে সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আসামি এনামুল হক (৩০) উপজেলার ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি। আটক অপর ব্যক্তি হলেন তার স্ত্রী সবুজা বেগম (২৮)।
পুলিশ জানায়, মেলান্দহ থানার এসআই হিমনের নেতৃত্বে এএসআই আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের আসামি এনামুল হককে গ্রেপ্তারে অভিযান চালান। এ সময় এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে এসআই হিমন বাম হাতে আঘাত পান এবং অন্য তিন পুলিশ সদস্যও আহত হন। পরে তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের সহযোগিতায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হন। তবে স্থানীয়দের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


