কুড়িগ্রামে আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি-গরু

কুড়িগ্রামের উলিপুরে অগ্নিকাণ্ডে চারটি ঘরসহ কৃষক রঞ্জু মিয়ার বসতবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় তার একটি গরু মারা গেছে, দগ্ধ হয়েছে আরও দুটি গরু ও তিনটি ভেড়া। আগুনে ধান, কৃষিযন্ত্র ও আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কৃষক। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন তিনিও।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ওই কৃষকের বসতবাড়ি পুড়ে যাওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের খইখাওয়ার কুটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে বাড়ির চারটি ঘর, ছয় হর্সপাওয়ারের একটি শ্যালো মেশিন, তিন হর্সপাওয়ারের একটি পাম্প, ১০ মণ ধান ও আসবাবপত্র পুড়ে যায়। গোয়ালঘরে থাকা একটি গরু পুড়ে মারা যায়। দগ্ধ হয় দুটি গরু ও তিনটি ভেড়া।
ক্ষতিগ্রস্ত কৃষক রঞ্জু মিয়া বলেন, আগুনে গরু-ভেড়া, শ্যালো মেশিন, পাম্পসহ কিছুই রক্ষা করতে পারিনি। আগুন নেভাতে গিয়ে আমি নিজে আহত হয়েছি। বর্তমানে আমি নিঃস্ব। ছেলে-মেয়ে নিয়ে কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. আব্দুর রাজ্জাক মণ্ডল এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
