ভাগনিকে মোটরসাইকেল শেখাতে গিয়ে প্রাণ গেল মামার

চাঁদপুরের মতলব দক্ষিণে ভাগনিকে মোটরসাইকেল চালাতে শিখাতে গিয়ে ট্রাকে ধাক্কা লেগে মামা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ভাগনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে চাঁদপুরের মতলব সেতুর দক্ষিণ অংশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলে রাব্বি (২৩) দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ি মো. মিজানুর রহমানের ছেলে। রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। আহত ইশাত তার আপন ভাগনি। তারা সবাই সপরিবারে ঢাকার যাত্রাবাড়িতে থাকেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালি জেলার কালাইয়া। ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে মতলব নানা বাড়িতে বেড়াতে আসে ইশাত।
চাঁদপুরের অ্যাম্বুলেন্স চালক মো. জসিম জানান, ঘটনাস্থল দিয়ে তিনি যাচ্ছিলেন। ওই সময় সড়ক বিভাগের ট্রাকচালক মিজানুর রহমান খালি অ্যাম্বুলেন্স দেখে তাকে থামান। তাদেরকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখি।
তিনি আরও বলেন, বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব সেতুর দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বি নামের ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
