Advertisement

ভাগনিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, সৎমামা আটক

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
ভাগনিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, সৎমামা আটক
আটক রাজা মিয়া। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎমামাকে আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। আটক রাজা মিয়া (৩৫) খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে নিজ ঘরের খাটের ওপর নিহত কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। বিকেল ৪টায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা শুরু হয়। পরবর্তীতে পুলিশ দ্রুততার সঙ্গে সৎমামা রাজা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। প্রায় ৬ বছর ধরে রাজা মিয়া নিহত কিশোরীর পরিবারের সঙ্গে বসবাস করতেন।

সিরাজদিখান থানার উপপরিদর্শক মো.শাহ আলী ও বালুচর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য সালেহা বেগম জানান, নিহত কিশোরীকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সৎমামা আটক আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।