logo

মানিকগঞ্জে এক রাতে তিন খুন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মানিকগঞ্জ
মানিকগঞ্জে এক রাতে তিন খুন
মানচিত্রে মানিকগঞ্জ। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

মানিকগঞ্জে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজন খুন হয়েছেন। শনিবার (৩০ মে) রাত থেকে ভোর পর্যন্ত সদর ও দৌলতপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।

জেলার সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামের বাসিন্দা মো. সজিব শনিবার গভীর রাতে খুন হন। উত্তর পুটাইল এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে হামলা চালায়। এ সময় কুপিয়ে সজিবকে খুন করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

এর আগে শনিবার রাত ১০টার দিকে জেলার দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ আমেনা ও তার দেড় বছর বয়সি ছেলে আসওয়াদ খুন হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর সঙ্গে শ্বশুরবাড়ির সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অস্ত্র দিয়ে গৃহবধূ ও তার শিশুসন্তানকে কুপিয়ে খুন করা হয়। ঘটনাস্থলে একটি দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা যায়।

গৃহবধূর স্বামী সালাম মোল্লা স্থানীয় বাজারের ব্যবসায়ী। শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ওপরও হামলা চালানো হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। মরদেহ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।