logo

কুমিল্লায় ১৮ থানায় একযোগে অভিযান, আটক ২৫২

কুমিল্লায় ১৮ থানায় একযোগে অভিযান, আটক ২৫২
আটককৃত আসামিদের তোলা হচ্ছে পুলিশ ভ্যানে। ছবি : পুলিশের সৌজন্যে

কিশোর গ্যাং ও উঠতি বয়সি বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লা জেলার ১৮টি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে একযোগে অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানা এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযান তদারকি করেন। অভিযানে আটক ২৫২ জনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ আরও জানায়, উঠতি বয়সি কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপরাধ দমনে অভিযান ও নজরদারির পাশাপাশি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা রোধেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা এ অভিযান অব্যাহত রাখব।