logo

বিয়ের দাওয়াত না পেয়ে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা, ১০ লাখ টাকা লুটের অভিযোগ

বিয়ের দাওয়াত না পেয়ে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা, ১০ লাখ টাকা লুটের অভিযোগ
হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি : এশিয়া পোস্ট

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত মাতুব্বরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল এ হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি পরিবারের সদস্যদের।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। তবে শাহাদাত মাতুব্বর হামলা ও লুটপাটের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ দুধখালী গ্রামের বাবুল ব্যাপারীর ভাগনি সাহিদা আক্তারের সঙ্গে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাবাড়ি গ্রামের এক ইতালিপ্রবাসী যুবকের বিয়ের অনুষ্ঠান হয় শুক্রবার বিকেলে। সাহিদা স্থানীয় হোসেন মোল্লার মেয়ে। পূর্ববিরোধের কারণে ওই অনুষ্ঠানে শাহাদাত মাতুব্বরকে দাওয়াত দেওয়া হয়নি বলে জানা গেছে। এ নিয়ে ক্ষোভের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বাবুল ব্যাপারীর অভিযোগ, শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শাহাদাত মাতুব্বরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের বাড়িতে কয়েক দফায় হামলা চালায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দে বাড়ির লোকজন নিরাপদ স্থানে সরে গেলে হামলাকারীরা ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেন। ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি তার।

বাবুল ব্যাপারী জানান, তার ভাগনির বিয়েতে শাহাদাত মাতুব্বরকে দাওয়াত না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হন। তার নেতৃত্বে কয়েকজন আমাদের বাড়িতে হামলা চালান। তারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যাতে এলাকার লোকজন এগিয়ে আসতে না পারেন। আমরা এ ঘটনার বিচার চাই।

সাহিদার বাবা হোসেন মোল্লা জানান, তার বাড়ি ও বাবুল ব্যাপারীর বাড়ি একই জায়গায়। মেয়ের বিয়েতে দাওয়াত না দেওয়ার কারণে শাহাদাত মাতুব্বরের লোকজন বাবুল ব্যাপারীর বসতঘরে ভাঙচুর ও লুটপাট করেছেন বলে তার অভিযোগ। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

বাবুল ব্যাপারীর ছেলের স্ত্রী মুসলিমা আক্তার বলেন, আমার ননদের বিয়েতে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বসতঘরে হামলা চালান। ঘর ভাঙচুর করে ভেতরে থাকা স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যান। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাহাদাত মাতুব্বর ও তার লোকজনের বিচার হোক।

ভুক্তভোগী পরিবারের সদস্য সোলেমান ব্যাপারী অভিযোগ করেন, এলাকায় তাদের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন ও হামলা চালানো হচ্ছে। এবার বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা ও লুটপাট করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত মাতুব্বর বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কারা তাদের বাড়িঘরে হামলা বা লুটপাট করেছে, তা তিনি জানেন না।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।