‘বিচারহীনতা বন্ধ কর, ধর্ষণের শাস্তি নিশ্চিত কর’

দেশব্যাপী নারী-শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২২ মে) বিকেলে কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের গুনগাছতলা, শহীদ মিনার ও পৌরসভা চত্বরে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেয় এমবোল্ডেন বাংলাদেশ, ইয়ুথ অ্যাকশন ফর রাইটস অ্যান্ড জাস্টিস, জাইডা বাংলাদেশ, অ্যাক্টিভিস্তা কক্সবাজার, ইয়াসিদ ও সার্জ বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে শিশু, কিশোর, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় শিশুদের হাতে নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘তোমার আমার এক কথা, সকল শিশুর নিরাপত্তা’, ‘আর কত?’, ‘বিচারহীনতা বন্ধ কর, ধর্ষণের শাস্তি নিশ্চিত কর’, ‘ভয়ের সংস্কৃতি বন্ধ হোক’, ‘জাস্টিস ফর রেপ’ ইত্যাদি।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। বিশেষ করে রামিসা, উর্মি ও আছিয়াসহ অসংখ্য শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার এমন নৃশংস ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের আহ্বান জানান তারা।
