চাঁদপুর/সকালে ছোট ভাই, বিকেলে মারা গেলেন বড় ভাই

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে এসে পৌঁছানোর পর তাকে দেখে বড় ভাইয়েরও মৃত্যু হয়।
মৃতরা হলেন উপজেলার মতলব পৌরসভার নবকলস গ্রামের মৃত মোহাম্মদ আব্দুর রহমান খানের ছেলে মোহাম্মদ হাসিম খান (৬০) ও ছোট ভাই মোহাম্মদ হাসান খান (৫৫)।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় ছোট ভাই মোহাম্মদ হাসান খান মারা যান। পরে ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে তাকে দেখে বড় ভাই মোহাম্মদ হাসিম খান একই দিন বিকেল ৩টার দিকে নবকলস গ্রামের নিজ বাড়িতে মারা যান।
নিহতের ভাতিজা রাহি খান বলেন, আমার ছোট কাকা হাসান খান সোমবার সকাল ১০টার দিকে মারা যান। এর কিছুক্ষণ পর বড় কাকা হাসিম খানও বিকেল ৩টায় মারা যান। আল্লাহ আমাদের পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা দান করুন।
নবকলস গ্রামের বাসিন্দা সোহেল প্রধান বলেন, এক দিনে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। দুই ভাইকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।
