logo
Advertisement

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে ফিরলেন গোলাপি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে ফিরলেন গোলাপি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে গৃহহীন গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির প্রতীকী চাবি তুলে দিচ্ছেন অতিথি ও অতিথিবৃন্দ। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই বাড়ির চাবি তুলে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টায় রতনপুর ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বিএনপির চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে গোলাপি বেগমের হাতে চাবি তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, লন্ডনে অবস্থানকালে তারেক রহমান গোলাপি বেগমের কষ্টের কথা জানতে পারেন। তার শারীরিক অসুস্থতা ও অসহায়ত্বের বিষয় বিবেচনা করে চিকিৎসাসেবা ও বাসস্থানের ব্যবস্থা নিতে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-কে নির্দেশনা দেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই আজ গোলাপি বেগমকে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হলো।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, গোলাপি বেগমের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটিয়ে তাকে নিজ এলাকায় একটি নিরাপদ ঠিকানা দিতে পেরে আমরা আনন্দিত। তারেক রহমানের নির্দেশনায় তার পুনর্বাসনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, ২০২৫ সালে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশে শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি বেগমের দুর্দশার চিত্র তারেক রহমানের নজরে আসে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করতে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন। এরপরই শুরু হয় তার চিকিৎসা ও পুনর্বাসনের কাজ।

টানা প্রায় আট মাস চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি ভাড়া বাসায় গোলাপি বেগমের সাময়িক থাকার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নবীনগরের রতনপুরে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। চলতি বছরের এপ্রিলে বাড়িটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছিল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই বাড়ির চাবি গোলাপি বেগমের হাতে তুলে দেওয়া হয়েছে।