logo

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে এএসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে এএসআইয়ের মৃত্যু
মৃত সহকারী উপপরিদর্শকের (এএসআই) ফখরুল ইসলাম। ছবি: পরিবারের সৌজন্যে

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে মো. ফখরুল ইসলাম (৪২) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ফখরুল ইসলাম। পরে সহকর্মীরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত সোয়া ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ফখরুল ইসলাম কুমিল্লার কোতোয়ালি থানার ইলাছপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত সানাউল হকের ছেলে। প্রায় দেড় মাস আগে তার ব্রাহ্মণবাড়িয়ার সিআইডিতে পোস্টিং হয়। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব বলেন, ‘ওই পুলিশ সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, ‘সিআইডিতে কর্মরত একজন পুলিশ সদস্য মারা গেছেন। খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জেলা পুলিশের পক্ষ থেকে তার মরদেহ পরিবারের কাছে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।’

ফখরুল ইসলামের মৃত্যুতে সহকর্মী ও জেলা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।