জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষিকার

রাঙামাটির নানিয়াচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শতাব্দী চাকমা রাঙামাটি শহরের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় রাস্তার পাশে থাকা একটি জাম গাছ থেকে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ার চেষ্টা করেন। এ সময় বাঁশটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মো. শওকত আকবর খান তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন বলেন, বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে এক শিক্ষিকার মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
