logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

১৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে কাঁদলেন মা, চান স্থায়ী মুক্তি

১৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে কাঁদলেন মা, চান স্থায়ী মুক্তি
পুলিশি নিরাপত্তায় বাগেরহাট জেলা কারাগার থেকে মোংলা পৌরসভার কুমারখালী গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে বাদল ফরাজীকে। ছবি : এশিয়া পোস্ট

নামের মিলের কারণে ভারতের দিল্লিতে হত্যা মামলায় দণ্ডিত বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী ১৮ বছর পর নিজ বাড়িতে ফিরেছেন। তবে স্থায়ীভাবে নয়, চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তায় বাগেরহাট জেলা কারাগার থেকে তাকে মোংলা পৌরসভার কুমারখালী গ্রামের বাড়িতে নেওয়া হয়। দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা শেফালী বেগমসহ পরিবারের সদস্যরা। তবে স্বল্প সময়ের এই মুক্তিতে পুরোপুরি স্বস্তি নেই স্বজনদের। বাদলের স্থায়ী মুক্তির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।

Advertisement

এর আগে, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাদল ফরাজীকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। পরে দুপুর ২টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। সেখান থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সন্ধ্যায় নিজ বাড়িতে পৌঁছান তিনি।

ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত মা শেফালী বেগম বলেন, আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই। আমার ছেলে যেন সারাজীবন আমার সঙ্গে থাকতে পারে, সরকারের কাছে এটাই আমার আবেদন। এক মাসের জন্য প্যারোলে পেয়েছি, কিন্তু আমি চাই স্থায়ীভাবে তাকে আমার কোলে ফিরে পেতে। ওর বাবা মারা গেছেন। আমিও মৃত্যুর সঙ্গে লড়াই করছি। কখন মারা যাই, জানি না। ছেলেকে একবার দেখে মরতে চাই।

বাদলের বড় বোন আকলিমা বেগম বলেন, এত বছর পর ভাই ফিরে আসছে, সেটি এক মাসের জন্য প্যারোলে হবে এটা আমরা কখনো চাইনি। আমরা চেয়েছিলাম, ভাই স্থায়ীভাবে মুক্তি পেয়ে আমাদের কাছে ফিরে আসুক। কিন্তু মায়ের অসুস্থতার কারণে প্যারোলের আবেদন করেছিলাম। বাবা ছেলেকে না দেখেই মারা গেছেন। এখন মা যদি ছেলেকে না দেখে চলে যান, তাহলে সেই কষ্ট রাখার জায়গা থাকবে না। তাই বাধ্য হয়েই এক মাসের প্যারোলে রাজি হয়েছি।

তিনি আরও বলেন, আমার ভাই নির্দোষ। নামের মিলের কারণে সে একটি মামলায় জড়িয়ে পড়েছে। সব তথ্য-প্রমাণ থাকার পরও আজ পর্যন্ত সে মুক্তি পায়নি। বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরার সময় তার অনেক আশা ছিল, ভেবেছিল নিজের দেশে এসে ন্যায়বিচার পাবে। কিন্তু সেই আশা পূরণ হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমার ভাইকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হোক।

বাদলের শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান মোংলা সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার মো. জিয়াদ হোসেন বলেন, বাদল এই প্রতিষ্ঠানের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিত। আমার জানা মতে, সে ভদ্র ও ভালো স্বভাবের ছেলে ছিল। তার মধ্যে কখনো খারাপ আচরণ বা অসামাজিক কর্মকাণ্ড দেখিনি। তাজমহল দেখতে গিয়ে ভারতে এমন একটি ঘটনায় জড়িয়ে পড়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আমি চাই, সে ন্যায়বিচার পাক এবং অসুস্থ মায়ের কাছে ফিরে যেতে পারে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, বাংলাদেশ-ভারত বন্দি স্থানান্তর চুক্তির আওতায় কাশিমপুর কারাগারে আটক দুই বন্দি সাহেদুল আফজাল ও বাদল ফরাজীকে গাজীপুরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছেন। তারা বাগেরহাটের বাসিন্দা হওয়ায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। প্যারোলের শর্ত অনুযায়ী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্যারোলের সব শর্ত মেনেই তারা এই মুক্তির সময়টুকু ভোগ করবেন।

নামের মিলের কারণে ২০০৮ সালে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়েন বাদল ফরাজী। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘ ১৮ বছর পর চার সপ্তাহের প্যারোলে পরিবারের কাছে ফিরলেও বাদল স্থায়ীভাবে মুক্তি পেয়ে মায়ের কাছে ফিরবেন এমন প্রত্যাশাই স্বজনদের।