পাওনা টাকা চাওয়ায় যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন

সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের শেখ রুম্মান হোসেন, সুমনা বেগম এবং সাদিয়া ইসলাম। এদের মধ্যে শেখ রুম্মানকে যাবজ্জীবন এবং বাকি দুজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু। নিখোঁজের তিন দিন পর অভিযুক্ত রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে খড়ের গাদার নিচে মাটিচাপা দেওয়া অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে ওই দিনই নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

