ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্তি

ঈদের ছুটিতে গ্রামে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। তবে বৃষ্টি ও তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৫ মে) থেকে শিল্পাঞ্চল গাজীপুরের বিভিন্ন কারখানায় ঈদের ছুটি শুরু হয়। গতকাল বিকেল থেকেই মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে, যা মঙ্গলবার সকালেও অব্যাহত ছিল। রাতভর ভারী বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এ ছাড়া চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর পর্যন্ত আরও ৮ থেকে ১০ কিলোমিটার এলাকায় ধীরগতির যান চলাচল ছিল। যানজট এড়াতে অনেক যাত্রীকে হেঁটে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যেতে দেখা গেছে।
শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, গাজীপুরে ছোট-বড় প্রায় পাঁচ হাজার শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে অর্ধেক কারখানায় সোমবার ছুটি শুরু হয়েছে। বাকি কারখানাগুলো মঙ্গলবার দুপুরের মধ্যে ছুটি দেবে। ফলে দুপুরের পর মহাসড়কে যাত্রীচাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পল্লী বিদ্যুৎ এলাকায় কথা হয় সোহান নামের এক যাত্রীর সঙ্গে। চন্দ্রা তিনি বলেন, চৌরাস্তা থেকেযেতে সাধারণত ৪০ মিনিট লাগে। কিন্তু আজ তিন ঘণ্টা পার হলেও এখনো পৌঁছাতে পারিনি। কখন বাড়ি পৌঁছাব জানি না। যানজটের কারণে মানুষ খুব কষ্টে আছে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ মাঠে কাজ করছে। এই চাপ আগামীকাল পর্যন্ত থাকতে পারে বলেও জানান তিনি।
