logo

পাচারের সময় ওএমএসের পণ্য উদ্ধার, বিএনপি নেতাকে জরিমানা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা
পাচারের সময় ওএমএসের পণ্য উদ্ধার, বিএনপি নেতাকে জরিমানা
উদ্ধার হওয়া ওএমএসের পণ্য। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকায় পাচারের সময় ওএমএসের ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ওএমএস ডিলার ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসন পরিচালিত অভিযানে একটি আলমসাধু (শ্যালোইঞ্জিন চালিত ভ্যানগাড়ি) ভর্তি সরকারি চাল ও আটা উদ্ধার করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোহেল আহমেদ মালিক সুজন চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার। তার গুদাম শহরের পুরাতন স্টেডিয়াম এলাকায়। তিনি ওএমএসের পণ্য আলমসাধুতে করে সাতগাড়ীর দিকে নিয়ে যাচ্ছিলেন।

খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে আলমসাধু থেকে ওএমএসের সাত বস্তা ২১০ কেজি চাল চাল ও দুই বস্তায় ৭০ আটা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ বলেন, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির পণ্য অবৈধভাবে বিক্রি বা পাচার করা যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।