চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম বঙ্গবানু মেম্বারটেক এলাকার কনফিডেন্স লবণের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন দিদারুল আলম, উজ্জ্বল দাশ, মোহাম্মদ লিটন, সিরাজুল ইসলাম, জাহিদুল আলম, মোহাম্মদ জাহিদ হোসেন, নূর নবী, মোহাম্মদ আলম, মাহামুদুল হক ও সেলিম উদ্দিন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, কারখানায় কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আছে।
আহত শ্রমিকদের বরাত দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলা উদ্দিন বলেন, শ্রমিকরা কারখানায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।





