logo

চাষাবাদে বাধার অভিযোগ, বিএনপি নেতা কারাগারে

চাষাবাদে বাধার অভিযোগ, বিএনপি নেতা কারাগারে
মজিবুর রহমান। ছবি: এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি দখলের চেষ্টা, চাষাবাদে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে করা মামলায় বিএনপি নেতা মজিবুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম।

কারাগারে যাওয়া মজিবুর রহমান উপজেলার চর ইসলামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং মোহাম্মদপুর মাদ্রাসার দপ্তরি।

মামলার বাদী রফিক মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিমরাইলকান্দি এলাকার ফজলুল হকের ছেলে।

মামলার নথি অনুযায়ী, বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মামদপুর মৌজার ২০৫ নম্বর বিএস খতিয়ানের ৬৮৪ নম্বর দাগে থাকা ২২ শতক জমি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

অভিযোগে বলা হয়েছে, বিরোধপূর্ণ জমিটি বাদীপক্ষের পরিবারের মালিকানাধীন। ওই জমিতে চাষাবাদ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এ ছাড়া জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

বাদী রফিক মিয়ার দাবি, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে তারা বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতির শিকার হয়েছেন। এ পরিস্থিতিতে প্রতিকার চেয়ে তারা আদালতের শরণাপন্ন হন।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন, কেউ অন্যায় করলে এবং আদালতের রায়ে অপরাধী প্রমাণিত হলে এর দায়ভার দল নেবে না। অনেক দিন আগের জমিজমা নিয়ে একটি মামলা চলছিল বলে তিনি শুনেছেন। ওই মামলায় আদালত মজিবুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

মোহাম্মদপুর মাদ্রাসার অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। বর্তমানে প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান খোলার পর তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ব্যবস্থা নেওয়া হবে।