সিরাজগঞ্জ/খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ উঠেছে সলপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হেকমত আলী সরকারের বিরুদ্ধে। মাঠটি দখলের পর বর্তমানে ট্রাক্টর দিয়ে সেখানে চাষাবাদ করা হচ্ছে।
সলপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জমিটি সরকারি বলে নিশ্চিত করেছেন। তবে হেকমত আলীর দাবি, জমিটি তাদের নিজস্ব এবং এটি নিয়ে আদালতে মামলা চলছে।
ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নওকৈর পূর্বপাড়া গ্রামে। স্থানীয়দের অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার সকালে হেকমত আলী সরকার, আল-আমিন সরকার, নূর মোহাম্মদ সরকার, ওমর আলী সরকার, হারান সরকার ও তোফাজ্জল সরকার ট্রাক্টর দিয়ে মাঠটি চাষ করেন। এতে মাঠটি সম্পূর্ণ খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের একমাত্র খেলাধুলার স্থানটি হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল হোসেন জানান, জমিটি সরকারি খাসজমি হিসেবে রেকর্ডভুক্ত। ২০১৯ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান গৃহহীনদের জন্য গুচ্ছগ্রাম নির্মাণের লক্ষ্যে সেখানে মাটি ভরাট করেছিলেন। তবে পরবর্তীতে গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়নি। এরপর থেকে স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা মাঠটিতে নিয়মিত ফুটবল ও ক্রিকেট খেলে আসছিল।
অভিযোগের বিষয়ে হেকমত আলী সরকার বলেন, আওয়ামী লীগের লোকজন আমাদের জিম্মি করে জমিটি দখল করে মাটি ভরাট করেছিল। এখন আমরা আমাদের জায়গা দখলে নিয়ে চাষাবাদ করছি। জমিটি নিয়ে মামলা চলমান রয়েছে বলেও দাবি করেন তিনি।
সলপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান বলেন, জমিটি সরকারি সম্পত্তি। সাবেক চেয়ারম্যান শওকত ওসমান সেখানে গুচ্ছগ্রাম নির্মাণের প্রকল্পের আওতায় মাটি ভরাট করেছিলেন। এরপর থেকে জমিটি পড়ে ছিল এবং স্থানীয় তরুণরা সেখানে খেলাধুলা করত। সরকারি জমি ব্যক্তিগত কাজে চাষাবাদের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হবে বলে জানান তিনি।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
