চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই পরিবারের চার বোন রয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো চরচাকলা গ্রামের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নিজামুদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুল ইসলামের মেয়ে শরিফা (১১)। নিহত চারজন দুই পরিবারের আপন বোন। অন্য শিশুটিও তাদের আত্মীয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুরা বাড়ির পাশের মরা নদীতে গোসল করতে নামে। এটি পদ্মা নদীর একটি শাখা নদী। গোসলের একপর্যায়ে একটি শিশু গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অন্য চার শিশুও পানিতে নেমে পড়ে। পরে স্রোতের টানে ও সাঁতার না জানায় পাঁচ শিশুই পানিতে তলিয়ে যায়।
জুমার নামাজ শেষে স্বজন ও স্থানীয় লোকজন নদীর পাড়ে শিশুদের জুতা পড়ে থাকতে দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চালিয়ে একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসীম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন নিহত শিশুদের বাড়িতে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং দাফনের জন্য তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দেন।



