মানিকগঞ্জে নিউ মঙ্গল বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘন এবং ওজনে কারচুপির দায়ে নিউ মঙ্গল বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে ওই বেকারির মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে বেকারির মালিক মোজাম্মেলকে (৫০) ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ওজন ও পরিমাপে কারচুপি এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
