বেতন বৃদ্ধির ঘোষণাতেও শান্ত হয়নি গাজীপুর

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ২৬ দিন ধরে পোশাকশ্রমিকদের আন্দোলনে উত্তাল গাজীপুর। গত ২ অক্টোবর শ্রমিক সংগঠনগুলোর সমাবেশের মধ্য দিয়ে দাবিটি জোরালোভাবে সামনে আসে। এরপর ৩১ অক্টোবর থেকে আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। নভেম্বরজুড়ে দফায় দফায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, সংঘর্ষ ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটে।
বুধবার (২৫ নভেম্বর) ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা এলেও শ্রমিকদের আন্দোলন থামেনি। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ওপর হামলা, কারখানা ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিক ও বহিরাগতদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিক অসন্তোষের জেরে বুধবার গাজীপুরের ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২ অক্টোবর গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। সমাবেশ শেষে শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। সে সময় ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অক্টোবরের শেষভাগে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্রাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। ৩১ অক্টোবর শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করা হয়। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হন। ১ ও ২ নভেম্বরও কালিয়াকৈরের মৌচাক, সফিপুর, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় বিক্ষোভ অব্যাহত থাকে। বিভিন্ন কারখানার ফটক, পুলিশ বক্স ও যানবাহন ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নামেন এবং এসব এলাকার একাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
৩ নভেম্বর সকাল থেকে নাওজোরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর নভেম্বরের বিভিন্ন সময়ে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, চন্দ্রা, নাওজোর ও ভোগরাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ, আবার কোথাও কারখানা ভাঙচুরের ঘটনায় শিল্পাঞ্চলের পরিস্থিতি বারবার উত্তপ্ত হয়ে ওঠে। ফলে কয়েক দফায় কারখানায় ছুটি ঘোষণা ও উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সর্বশেষ বুধবার ভোরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা আসে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই ঘোষণার পরও শ্রমিকদের অসন্তোষ কাটেনি। বুধবার সকাল থেকেই নাওজোর, চৌরাস্তা, ভোগরা ও তিনসড়কসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে কয়েক দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর হামলা ও বিভিন্ন কারখানায় ভাঙচুর চালানো হয়। এসব ঘটনায় শ্রমিকদের পাশাপাশি বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগও উঠেছে।
এদিকে আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়েছেন গণমাধ্যমকর্মীরাও। বিভিন্ন স্থানে বিক্ষোভের ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা ও বাধা দেওয়ার ঘটনা ঘটছে। এতে পেশাগত দায়িত্ব পালন ও ঘটনাস্থলের প্রকৃত চিত্র তুলে ধরতে সমস্যার মুখে পড়ছেন সাংবাদিকরা।
বুধবারের সংঘর্ষে ছয় পুলিশ ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালনা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া পাঁচ আনসার সদস্যও আহত হন। পাশাপাশি মালিকের বাড়ি এলাকায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল আলম বলেন, বুধবার যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, তারা শ্রমিক নয়। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার গেটে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিল। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ টিকতে পারেনি; তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, ২৫ নভেম্বর দিবাগত রাতে মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়া হলেও বুধবার শ্রমিকেরা আন্দোলন করেছেন। আন্দোলনরত শ্রমিকদের মূল ক্ষোভ গ্রেড-২ ও গ্রেড-৩ এর বেতন বৃদ্ধির ক্ষেত্রে ৮০০ টাকার ব্যবধান নিয়ে। মোট শ্রমিকের প্রায় ৮০ শতাংশ এই দুটি গ্রেডের অন্তর্ভুক্ত হওয়ায় এ বৈষম্য নিয়ে তাদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে।
স্টাইলিস গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, উৎপাদন খরচ বেড়েছে, পাশাপাশি বাজারও হারাতে হচ্ছে। এর মধ্যেও মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেতন বাড়ানো হয়েছে। গত এক মাস ধরে শ্রমিকেরা আন্দোলন করছেন, যার মধ্যে বিভিন্ন চক্র ঢুকে পড়েছে। বেতন বৃদ্ধির ঘোষণার পরও অনেক কারখানায় ভাঙচুরের ঘটনা দুঃখজনক। সামনে তাদের অনেক চ্যালেঞ্জিং সময় পার করতে হবে। তবে শ্রমিকেরা দ্রুত কাজে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বুধবারের পরিস্থিতি বিবেচনায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

