logo
Advertisement

ফেনী সীমান্তে মাদকসহ বিএসএফের হাতে বাংলাদেশি আটক

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
ফেনী সীমান্তে মাদকসহ বিএসএফের হাতে বাংলাদেশি আটক
আটক সুজন। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় মাদকসহ মো. সুজন (২৫) নামের এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করেছে।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ডাকবাংলা বিজিবি ক্যাম্পের পূর্ব পাশের সীমান্ত এলাকার ভারতীয় অংশ থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। ঘটনার পর পরই তার পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পকে জানান।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরশুরাম সীমান্তের শ্মশানঘাট এলাকা দিয়ে আন্তর্জাতিক সীমান্তরেখা অতিক্রম করে ভারতের প্রায় ১০০ মিটার অভ্যন্তরে প্রবেশ করেন সুজন। এ সময় বিএসএফের আমজাদনগর ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।

বিএসএফ জানায়, আটককালে সুজনের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে স্থানীয় ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুজনের স্ত্রী আয়েশা আক্তার জানান, দুপুরে উত্তরকোলাপাড়া-আমজাদনগর সীমান্তের ২১৬৩ নম্বর পিলারের কাছে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছিলেন সুজন। ভারতের কয়েকজন ব্যক্তির সঙ্গে পূর্বশত্রুতা থাকায় তারা সুজনকে বিএসএফের কাছে ধরিয়ে দিয়েছেন বলে তিনি দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, আটক ব্যক্তি যেহেতু বাংলাদেশি নাগরিক, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখা হচ্ছে।