logo

সিলেটে মোবাইলের আলো জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

সিলেটে মোবাইলের আলো জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০
রাতে সিলেটের ওসমানীনগরে দুই গ্রামের সংঘর্ষ। ছবি: এশিয়া পোস্ট

ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতে সিলেটের ওসমানীনগরে দুই গ্রামের সংঘর্ষ হয়েছে। এতে ওসিসহ ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সালিশের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সালিশের সিদ্ধান্ত না মানায় একপর্যায়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দফায় দফায় সংঘর্ষে দুইগ্রামের কয়েকশ মানুষ অংশ নেন। রাতে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে সংঘর্ষে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল ব্যবহার করা হয়। সংঘর্ষের ফলে রাতে বেশ কিছুক্ষণ সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে আমি নিজেও আহত হয়েছি। তবে আমরা তাদেরকে নিভৃত করতে সক্ষম হয়েছি। রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।