মেহেরপুরে হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার, পাশে ছিল চিরকুট

মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের সোনালী বাংলা ক্লাবপাড়া থেকে হাতবোমা (ককটেল) সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটির পাশে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা এগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
স্থানীয়রা জানান, চর গোয়াল গ্রামের সরদারপাড়ার সোনালী বাংলা ক্লাবের পাশে সাদবকের বড়ার দোকানের বেঞ্চের ওপর হাতবোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পান স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা উদ্ধার করে।
চিরকুটে লেখা ছিল, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোহাগ, তোর সরদাররা এত নিমক হারাম। আতাহার হাবেলকে মারার জন্য রিফিউজিদের টাকা দিয়েছিলে। আতিয়ার, ইব্রাহিম, কিবরিয়া, মনি, শাহজাহান, হালিম মাস্টারকে মারার জন্য তোর সরদার বংশ ৮ লাখ টাকা দিয়েছে, এ কথা কি দেখিনা তো? বেইমান তোরা, তোদের অপেক্ষায় ছিলাম। টাকা যদি না দিস, শুনে রাখ, এটি একটি নমুনা মাত্র, খবর আছে। সত্য কথার শত্রু অনেক।”
গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ হাতবোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে।
