রোববার যে ৩ জেলায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য আজ রোববার (২৪ মে) সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর বেশ কিছু এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
সিরাজগঞ্জে নওপাজেকো-পুঠিয়াবাড়ি ৩৩ কেভি সোলার সোর্স লাইনের জরুরি মেরামত, সংরক্ষণকাজ এবং লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, এ সময় সংশ্লিষ্ট ৩৩ কেভি সোর্স লাইনের আওতাধীন সব গ্রাহক বিদ্যুৎহীন থাকবেন।
নওগাঁয় ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণকাজের জন্য সকাল ৭টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো নওগাঁর বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, আরজি নওগাঁ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন তালতলী ফিডারের চকপ্রসাদ, লামা শেরপুর, মদিনা ফ্লাওয়ার মিল, জোকাবিলা, তেতুলতলীর মোড়, তালতলী, বাগবাড়ি, চকপ্রাণ, লাটাপাড়া, পলিটেকনিক এলাকা, মৎস্য অফিস ও শাহী মসজিদ এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না।
একই সময়ে আনন্দনগর ফিডারের পাটালীর মোড়, আনন্দনগর, মৃধ্যাপাড়া, চামড়া গুদাম, খাস নওগাঁ, ইদুর বটতলী, খাগড়া ও ফয়েজ উদ্দীন কলেজ এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আতাইকুলা ফিডারের চকপ্রসাদ, মকরামপুর, শৈলগাছী, পারবাঘাপুর, দরিয়াপুর, হরিশপুর, আতাইকুলা, ২ নম্বর সুইচগেট ও ৩ নম্বর সুইচগেট এলাকায় বিদ্যুৎ থাকবে না। কুজাইল বাজার ফিডারের নগরব্রিজ, কাশিমপুর, কুজাইল বাজার, সরবরামপুর, ভবানীপুর, দুর্গাপুর, পাগলীর মোড়, ঘোষগ্রাম, ক্ষুদ্রকালিকাপুর ও আন্ধারকোঠা এলাকাও এ তালিকায় রয়েছে। পাশাপাশি ত্রিমোহনী ফিডারের চুনাতাপাড়া, সুলতানপুর, চণ্ডিপুর, চুনিয়াগাড়ি, ত্রিমোহনী, কুবরাতলী ও নিজামপুর এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রাজশাহীতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন পুরো এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
