logo

১০০ টাকার ঘুষেও মন ভরেনি অফিস সহকারীর

১০০ টাকার ঘুষেও মন ভরেনি অফিস সহকারীর
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে ১০০ টাকার নোট হাতে অফিস সহকারী রেজাউল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে নোটিশ জারির জন্য ১০০ টাকা নেওয়ার পরও আরও ১০০ টাকা দাবি করার অভিযোগ উঠেছে অফিস সহকারী রেজাউল ইসলামের বিরুদ্ধে। চাহিদামতো টাকা না দিলে নোটিশ খালে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, অফিস সহকারী রেজাউল ইসলামের হাতে ১০০ টাকার একটি নোট। এ সময় তাকে বলতে শোনা যায়, একটা নোটিশ জারি করতে ১৪০ টাকা খরচ হয়। আপনারা কি নোটিশের জন্য টাকা জমা দেন? আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে আপনার নোটিশ আসলে ওই ক্যানালে ফেলে দিয়ে আসব। তারপরে গিয়ে বলেন, আমার নোটিশ পাইনি।

ভিডিওতে রেজাউল ইসলামকে আরও বলতে শোনা যায়, একটা নোটিশ জারি করতে ৪০-৪০, আশি টাকা, আবার এখন গদ লিখে ফেরত দিতে হবে ৪০ টাকা। ১২০ টাকা তো খরচই হয়। আর আপনি দিচ্ছেন ১০০ টাকা, আবার আজেবাজে কথা বলছেন যে এই বাবদে আপনারা খরচ পান। কিডা আমাদের খরচ দেয়।

একপর্যায়ে এক সেবাগ্রহীতা জানতে চান, আমাদের কি এই টাকা দেওয়ার নিয়ম আছে? জবাবে রেজাউল ইসলামকে বলতে শোনা যায়, ওইটা এসিল্যান্ডে গিয়ে বলেন, নোটিশ জারির জন্য গাড়ি ভাড়া চাই।

স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতা অভিযোগ করেন, নামজারি, জমাভাগ, খাজনা পরিশোধ কিংবা নোটিশ জারির মতো সাধারণ ভূমিসেবা নিতে কার্যালয়ে গেলে রেজাউল ইসলাম অতিরিক্ত টাকা দাবি করতেন। তাদের দাবি, চাহিদামতো টাকা না দিলে ফাইল আটকে রেখে ভোগান্তিতে ফেলার ঘটনাও ঘটেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জানা গেছে, অফিস সহকারী রেজাউল ইসলামকে এরই মধ্যে অন্য একটি অফিসে বদলি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে রেজাউল ইসলাম বলেন, আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে স্যারেরা বদলি করেছে। আমি আর এমন করব না।

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, বিষয়টি নজরে আসার পর ওই অফিস সহকারীকে বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিনিয়র স্যারেরা সিদ্ধান্ত নেবেন।