logo
Advertisement

এসবি পুলিশকে পিটিয়ে হত্যা, ২৪ ঘণ্টায় ৮ আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,মুন্সীগঞ্জ
এসবি পুলিশকে পিটিয়ে হত্যা, ২৪ ঘণ্টায় ৮ আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার আসামিরা। ছবি : এশিয়া পোস্ট

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের মধ্যে চারজনকে মুন্সীগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে এবং অপর চারজনকে আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) র‌্যাব-১০-এর অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামানের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১০ জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের ভাষ্য, গত ৫ সেপ্টেম্বর রাতে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসআই আলতাফ হোসেনের সঙ্গে হামলাকারীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হামলাকারীরা তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

র‌্যাব-১০ জানায়, মামলা হওয়ার পর গোয়েন্দা নজরদারি চালিয়ে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আপন সাভার থানায় করা তিনটি মাদক মামলার আসামি বলেও জানিয়েছে র‌্যাব।

অন্যদিকে, একই মামলায় র‌্যাব-৪ আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. রাকিব মিয়া (২৮), ছাব্বির আহমেদ (২৪) ও মো. ওয়াসিম (৪০) নামের আরও চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আটজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।