logo
Advertisement

কর্মবিরতি প্রত্যাহার, ১৫ ঘণ্টা পর জামালপুরে বাস চলাচল স্বাভাবিক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,জামালপুর
কর্মবিরতি প্রত্যাহার, ১৫ ঘণ্টা পর জামালপুরে বাস চলাচল স্বাভাবিক
জামালপুর বাস টার্মিনাল। ছবি: এশিয়া পোস্ট

প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুর থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি প্রত্যাহার করে বাস চালানোর সিদ্ধান্ত নেয়।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে শ্রমিক ও মালিকপক্ষ কর্মবিরতি প্রত্যাহারে সম্মত হয়। পরে বেলা সাড়ে ৩টা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ এশিয়া পোস্টকে বলেন, জেলা প্রশাসক আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস চালানোর সিদ্ধান্ত নেই।

বাস শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মুসাব্বির আহমেদ জুয়েল এশিয়া পোস্টকে বলেন, প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা আশ্বস্ত হয়েছে, তাই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গতকাল বুধবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব পরিবহন বন্ধের দাবিতে স্থানীয় ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে রাজীব পরিবহনের ঢাকাগামী ও জামালপুরগামী দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় চালক ও সহকারীদের মারধর এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে পরিবহন শ্রমিকরা। ফলে বৃহস্পতিবার সকালজুড়ে টার্মিনালে ভিড় করেও বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কর্মবিরতি প্রত্যাহারের ফলে বিকেল থেকে জামালপুর-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ, জামালপুর-টাঙ্গাইলসহ বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।