গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার

কুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার বুড়িচং পৌরসভার হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম হরিপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি বুড়িচং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরেন রফিকুল ইসলাম। পরে বাড়ির পাশের পুকুরপাড়ে থাকা একটি জামগাছের ডাল কাটতে যান তিনি। ডালটি কাটার পর বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মো. আজগর তাকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানার তদন্তকারী কর্মকর্তা মঞ্জরুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

