logo

পুকুর থেকে মাছ লুটের অভিযোগ, গ্রামপুলিশসহ গ্রেপ্তার ২

পুকুর থেকে মাছ লুটের অভিযোগ, গ্রামপুলিশসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার শহিদুল ইসলাম ও তার ভাতিজা হাসান। ছবি : পুলিশের সৌজন্যে

নওগাঁর বদলগাছীতে জমি ও পুকুর নিয়ে বিরোধের জেরে প্রায় ৩ লাখ টাকা মূল্যের মাছ লুট এবং পুকুরমালিককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় এক গ্রামপুলিশ সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চকতাল গ্রামের শহিদুল ইসলাম (৫৫) ও তার ভাতিজা হাসান (২২)। শহিদুল ইসলাম কোলা ইউনিয়নে গ্রামপুলিশ হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের ছেলে মো. আবু কালাম আজাদ (৪২) ঝাড়ঘরিয়া মৌজায় নিজের দখলে থাকা ৯৭ শতক জমিতে পুকুর খনন করে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন। জমি ও পুকুর নিয়ে তার সঙ্গে অভিযুক্ত পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এজাহারে অভিযোগ করা হয়, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে গ্রামপুলিশ শহিদুল ইসলামের নির্দেশে ১৩ জন নামীয় ও ১০ থেকে ১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি লাঠি, দেশীয় অস্ত্র, হাঁসুয়া ও বেড় জাল নিয়ে পুকুরে প্রবেশ করেন। তারা পুকুর থেকে ২৫ থেকে ৩০ মণ বিভিন্ন প্রজাতির মাছ ধরে একটি ভটভটিতে তুলে নিয়ে যান। লুট হওয়া মাছের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, পুকুরমালিক আবু কালাম আজাদ ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাদের ওপর হামলা চালান। এ সময় শহিদুল ইসলাম আবু কালাম আজাদের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল ছাড়ার সময় অভিযুক্ত ব্যক্তিরা প্রাণনাশের হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনায় শনিবার সকালে আবু কালাম আজাদ বাদী হয়ে বদলগাছী থানায় মামলা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।