সাভার-আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৮টি

দুদিনের শান্ত পরিস্থিতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে সকাল থেকে একাধিক স্থানে সড়ক অবরোধ, কারখানায় কর্মবিরতি এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনার জেরে ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এ সময় তারা বর্জ্য ফেলে তাতে আগুন ধরিয়ে দেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নেমে আসেন একেএইচসহ একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে বেলা ১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সকালে আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিকেরা উৎসবমুখর পরিবেশে কারখানায় প্রবেশ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্থিরতা দেখা দেয়। জামগড়া এলাকার ‘দি রোজ’ কারখানার শ্রমিকেরা সকালে হাজিরা দিয়ে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে নিরাপত্তার স্বার্থে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়।

এ ছাড়া খেজুরবাগান এলাকার রেডিয়েন্স ফ্যাশন ও রেডিয়েন্স জিন্স কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শেষে ছুটি পেয়ে সড়কে নেমে আসেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুরের আগে মাতবরবাড়ি, নরসিংহপুরসহ আশপাশের এলাকায় ম্যাক্সটেক্স ও মণ্ডল গ্রুপসহ অন্তত সাতটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় আশুলিয়া ও সাভার এলাকার মোট আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এর আগে বন্ধ থাকা প্রায় সব কারখানা ধাপে ধাপে চালু করা হলেও কয়েকটিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এ ছাড়া সার্বিক নিরাপত্তা ও শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলটির প্রায় ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সার্বিক পরিস্থিতি নিয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, গত দুদিনের তুলনায় মঙ্গলবার সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। বন্ধ থাকা বেশ কিছু কারখানাও পুনরায় চালু হয়েছিল। তবে সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি ও সড়ক অবরোধের চেষ্টা করেন। বিশৃঙ্খলা এড়ানো এবং কারখানা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে কয়েকটি কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।






