logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

সম্প্রীতির অনন্য গ্রাম ইদেলকাঠী: এক পাশে আজান, অন্য পাশে পূজার শঙ্খধ্বনি

সম্প্রীতির অনন্য গ্রাম ইদেলকাঠী: এক পাশে আজান, অন্য পাশে পূজার শঙ্খধ্বনি
ইদেলকাঠী জামে মসজিদ ও সার্বজনীন দুর্গা মন্দির। ছবি: এশিয়া পোস্ট

একদিকে মসজিদ থেকে ভেসে আসে সুমধুর আজানের ধ্বনি, অন্যদিকে মন্দিরে শোনা যায় পূজার শঙ্খধ্বনি। মাঝখানে দূরত্ব মাত্র ২০ থেকে ২৫ ফুট। ধর্মীয় বিশ্বাস আলাদা, উপাসনালয়ও আলাদা। অথচ মানুষে মানুষে নেই কোনো বিভেদের দেয়াল। ঈদে মুসলিম প্রতিবেশীর বাড়িতে যান হিন্দু পরিবারের সদস্যরা, পূজায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন মুসলিম যুবকরা। সুখ-দুঃখ, উৎসব আয়োজন কিংবা বিপদ আপদ যেন সবখানেই একে অপরের পাশে দাঁড়ান তারা। এমনই এক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ইদেলকাঠী গ্রামের মানুষ।

ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নানা আলোচনা যখন সমাজে ঘুরেফিরে আসে, তখন ইদেলকাঠী গ্রামের মানুষের দীর্ঘদিনের সহাবস্থান যেন ভিন্ন এক বার্তা দেয় সমাজে। এখানে সম্প্রীতি কেবল মুখের কথা নয় পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও দৈনন্দিন জীবনযাপনের মধ্য দিয়ে তা পরিণত হয়েছে সামাজিক সংস্কৃতিতে।

Advertisement

সরেজমিনে দেখা যায়, ইদেলকাঠী বাজারের ভেতরে পাশাপাশি অবস্থান করছে একটি সার্বজনীন দুর্গা মন্দির এবং ইদেলকাঠী জামে মসজিদ। ধর্মীয় দুই উপাসনালয়ের মধ্যবর্তী দূরত্ব মাত্র ২০ থেকে ২৫ ফুট। দুটি আলাদা হলেও তাদের ঘিরে গড়ে উঠেছে একই গ্রামের মানুষের সম্প্রীতির বন্ধন।

গতকাল থেকে মন্দিরসংলগ্ন এলাকায় শুরু হয় ওয়াজ মাহফিলের প্রস্তুতি। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলকে ঘিরে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। টাঙানো হচ্ছে তাঁবু ও মাইক, প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। আজ মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ ওয়াজ মাহফিল। মন্দিরের একেবারে পাশেই মাহফিলের প্যান্ডেল তৈরির কাজ চললেও সেখানে ছিল না কোনো অস্বস্তি বা বিরোধের চিত্র। বরং হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকেই স্বাভাবিকভাবে এ আয়োজনের প্রস্তুতি দেখতে দেখা যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারের দুর্গামন্দিরটি মসজিদ প্রতিষ্ঠার প্রায় ৩০ বছর আগে প্রতিষ্ঠিত হয়। ১৩৯১ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় ইদেলকাঠী জামে মসজিদ। দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে পাশাপাশি অবস্থান করছে দুই ধর্মীয় প্রতিষ্ঠান। এ সময়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন নিয়ে কোনো বিরোধের নজিরের কথা জানাননি স্থানীয়রা। বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে গড়ে উঠেছে দুই সম্প্রদায়ের মানুষের সুদৃঢ় সামাজিক বন্ধন।

ইদেলকাঠী বাজারের বাসিন্দা দ্বিপা মন্ডল বলেন, বাজারের মন্দির ও মসজিদে দীর্ঘ কয়েক যুগ ধরে যার যার ধর্ম পালন করে আসছেন সবাই। বাজারে মন্দির হওয়ার পর কাছাকাছি মসজিদ প্রতিষ্ঠিত হলে প্রথমে ভেবেছিলাম, কোনো সমস্যা হবে কি না। কিন্তু জীবনে কখনও কোনো সমস্যা হয়নি। আজানের সময় আমরা মন্দিরে শঙ্খধ্বনি ও বাদ্যযন্ত্রের শব্দ বন্ধ রাখি। আমরা চাই, সবাই যার যার ধর্মীয় আচার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করুক। মুসলিম ভাইদের সঙ্গে আমাদের কখনও দ্বন্দ্ব হয়নি।

ইদেলকাঠী জামে মসজিদের সামনের দোকানদার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের এখানে মসজিদ ও মন্দির পাশাপাশি হলেও কোনো সমস্যা হয় না। আমরা ভিন্ন ধর্মের মানুষ হলেও একসঙ্গে আড্ডা দিই, পাশাপাশি বসে ব্যবসা করি। ঈদে তারা আমাদের দাওয়াতে আসেন, পূজায় দাওয়াত দিলে আমরাও যাই। দিন শেষে আমরা সবাই একই গ্রামের মানুষ। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।

ইদেলকাঠী বাজার কমিটির সাধারণ সম্পাদক লিটন বড়াল বলেন, জন্মের পর থেকেই এ বাজারে পাশাপাশি মসজিদ ও মন্দির দেখে আসছি। মসজিদে যখন আজানের ধ্বনি ভেসে আসে, তখন মন্দিরে শঙ্খধ্বনি বা বাদ্যযন্ত্র বাজলে তা বন্ধ রাখা হয়। মুসল্লিদের ইবাদত বন্দেগির প্রতি আমরা শ্রদ্ধাশীল, তেমনি আমাদের ধর্মীয় অনুষ্ঠানেও তারা শ্রদ্ধাশীল থাকেন। এভাবেই বাজারসহ পুরো গ্রামের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।

তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার মন্দিরের আঙিনা ঘেঁষে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে আমাদের খুব ভালো লাগছে। মাহফিলের প্রয়োজনে আমরা সর্বাত্মক পাশে আছি। তেমনি আমাদের পূজার আয়োজনেও মুসলিম ভাইয়েরা প্রয়োজন অনুযায়ী পাশে থাকেন।

ইদেলকাঠী জামে মসজিদের ইমাম মো. মাহাদী হাসান বলেন, ইদেলকাঠীতে হিন্দু মুসলমানের ধর্ম আলাদা হলেও সবার মধ্যে সুন্দর সহাবস্থান রয়েছে। বাজারে মসজিদের পাশেই মন্দির। কারও ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে অন্যের কোনো বিঘ্ন ঘটে না। মসজিদে আজান থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত মন্দিরে শঙ্খধ্বনি বা বাদ্যযন্ত্র বাজানো হয় না। তারা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নীরব থাকেন। আবার তাদের মন্দিরের ধর্মীয় আয়োজনে মুসলিম ভাইয়েরাও সহযোগিতার জন্য এগিয়ে আসেন। এখানকার মানুষ ধর্মীয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলেছেন।

জলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক মো. মেহেদী সরোয়ার বলেন, ইদেলকাঠী গ্রাম হিন্দু মুসলিম অধ্যুষিত একটি গ্রাম। গ্রামের বাজারে মাত্র ২০ থেকে ২৫ ফুট দূরত্বে একটি মন্দির ও একটি জামে মসজিদ রয়েছে। একই আঙিনায় পাশাপাশি দুটি উপাসনালয় থাকলেও কারও ধর্ম পালনে অন্যের কোনো সমস্যা হয় না। এটি সম্প্রীতির এক অনন্য উদাহরণ।

স্থানীয়দের মতে, ধর্মীয় পরিচয় মানুষের নিজস্ব বিশ্বাসের অংশ। তবে প্রতিবেশী হিসেবে একে অপরের পাশে দাঁড়ানোও বড় সামাজিক দায়িত্ব। সুখ দুঃখ ভাগাভাগি, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং প্রয়োজনে সহযোগিতার মধ্য দিয়ে তারা ধরে রেখেছেন এই বন্ধন।