সৌদিতে মিসাইল আতঙ্কে নরসিংদীর প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে মিসাইল আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় মাথায় আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার প্রবাসী সৌরভ ইসলাম মারা গেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে জেদ্দায় এ ঘটনা ঘটে বলে স্বজনরা জানিয়েছেন।
সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগমের একমাত্র ছেলে।
স্বজনরা জানান, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় যে বাসায় থাকতেন, সেটির ছাদে যান। এ সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে আসতে দেখে আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। একপর্যায়ে সিঁড়িতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।
তার সঙ্গে থাকা লোকজন ঘুম থেকে উঠে সৌরভকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার বিকেলে সৌদি আরবে থাকা এক ব্যক্তি ফোনে সৌরভের স্বজনদের মৃত্যুর খবর জানান।
সৌরভ জেদ্দার আলসাইম কোম্পানিতে ব্যাংকের টি-বয় হিসেবে চাকরি করতেন। প্রায় এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি আবার সৌদি আরবে ফিরে যান।
ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা রেনু বেগম। তিনি বলেন, সৌরভ আমার একমাত্র ছেলে। ফোনে বারবার আমার খোঁজ নিত। এখন কে আমার খবর নেবে। আমি শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই। নিজের হাতে ছেলেকে মাটি দিতে চাই।
সৌরভের স্বজন তৌহিদুল ইসলাম জানান, সৌরভের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। তিনি মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, এ ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


